প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, ঘাটে লুঙ্গি-সাবান

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় চট্টেশ্বরী গায়েবি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, পুকুরের পাড়ে ওই যুবকের লুঙ্গি ও সাবান পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি গোসল করতে পুকুরে নেমেছিলেন।
তিনি জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট